
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকার শরীয়তপুর-মাদারীপুর সড়ক থেকে তাঁদের আটক করে পালং মডেল থানা-পুলিশ। আটককৃত সালাম মাদবর (৪২) ও কালু সরদার (৪৫) মাদারীপুর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের ধানুকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে শরীয়তপুর-মাদারীপুর সড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে আটক করা হয়। মোটরসাইকেলে তাঁদের দুজনের মাঝখানে রাখা পাঁচটি কালো পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’



