জাতীয়লিড নিউজ

ঈদযাত্রায় নৌপথে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল: নৌপুলিশের প্রধান

ঈদযাত্রায় নৌপথে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

এক্সক্লুসিভ নিউজ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে ঈদসহ আগে ও পরের পাঁচ দিন মোট ১১ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। রবিবার (৯ এপ্রিল) গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌপুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থাও নিতে হবে। এ ধরনের কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘খেয়া দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে। ঈদের সময় লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। চাঁদপুর, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই এ সময়ে লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত রাখতে হবে।’

এ সময় লঞ্চ মালিকেরা মোটরসাইকেল লঞ্চে তুলতে দেবেন না জানিয়ে বলেন, ‘আমরা মোটরসাইকেল বহন করব না। এ জন্য লঞ্চঘাটে মোটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’

অতিরিক্ত আইজিপি বলেন, ‘সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো নৌযান যেন প্রতিযোগিতা করে বেশি যাত্রী বোঝাই করে বেশি স্পিড দিয়ে নৌযান চালানো যাবে না। যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমে ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Back to top button