অপরাধলিড নিউজ

বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ‘লেদু’ গ্রেপ্তার, নামে ৩২ মামলা

:এক্সক্লসিভ নিউজ ডেস্ক: রাজধানীর আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত এবং হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২ মামলার আসামি মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, গত ১ জুলাই আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবলের জাপান ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। ওই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু। মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে এসেছে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পারভেজের কাছে হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন লেদু।

র‌্যাব জানায়, মনোয়ার হোসেন লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ মোট ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১০টি, বিস্ফোরক আইনের ২টি, দ্রুত বিচার আইনের ১টি মামলা এবং একটি ওয়ারেন্ট রয়েছে। আদাবর থানায় বিশেষ ক্ষমতা আইনের ৮টি, বিস্ফোরক আইনের ৬টি, হত্যা ও হত্যাচেষ্টার ২টি এবং সন্ত্রাসবিরোধী আইনের ১টিসহ আরও একটি অভিযোগ রয়েছে। এছাড়া দারুস সালাম থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, ২০১০ সালের আলোচিত ওয়াহিদুজ্জামান হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে ২০১২ সাল পর্যন্ত কারাভোগ করেন। পরে ২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র‌্যাব-৪-এর হাতে গ্রেপ্তার হন। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button