দেশজুড়েলিড নিউজ

শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন, তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনের যে জায়গা বেদখল আছে, সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেওয়া হচ্ছে।’

রবিবার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি।
শাল গাছের চারা রোপণকালে উপদেষ্টা আরও বলেন, ‘শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করা হবে।’

এ সময় মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন– বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Back to top button