
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে এ অভিযান চালানো হয়।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেওয়া হয়। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাই-এর ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সব লাগেজ স্ক্যান করা হয়।
একই সঙ্গে শরীরে অবৈধ বস্তু লুকিয়ে পাচারের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তিনি তার কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
সিআইআইডি জানায়, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম।



