
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম।
গতকাল রবিবার রাতে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে আটক করে। পরে তাকে আমাদের হাতে তুলে দেয়।
তিনি বলেন, সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি।’
সুইডেন আসলাম ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মুক্ত হন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক রাজনীতিকের মুক্তির সঙ্গে গাজীপুরের কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগার থেকে সুইডেন আসলামও ছাড়া পান।
প্রায় দুই বছরের কাছাকাছি সময় পার হওয়ার পর আবারও তিনি গ্রেপ্তার হলেন।
গত শতকের নব্বইয়ের দশকে ঢাকার ‘আন্ডারওয়ার্ল্ডে’ সুইডেন আসলাম ছিল ব্যাপক উচ্চারিত একটি নাম। বেশ কয়েকটি খুনের আসামি ছিলেন তিনি। যুবলীগের এক নেতাকে হত্যার পর আওয়ামী লীগ সরকার আমলে ১৯৯৭ সালে গ্রেপ্তার করা হয় সুইডেন আসলামকে। গ্রেপ্তারের সময় সুইডেন আসলামের বয়স ছিল ৩৫। দীর্ঘদিন কারাগারে থেকে ৬২ বছর বয়সে মুক্ত হন তিনি।



