জাতীয়লিড নিউজ

শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে : তারেক রহমান

শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে : তারেক রহমান

একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিজয়ের দ্বারপ্রান্তে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও সারা জাতিকে বেদনাবিধুর করে। শনিবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাঁর বাণীতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিক, শিল্পীসহ সকল শহীদ বুদ্ধিজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জীবন ও কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে।

তারেক রহমান বুদ্ধিজীবীদের হত্যাকে দেশকে মেধাশূন্য করার গভীর চক্রান্ত বলে অভিহিত করেন। তিনি মনে করেন, তাঁদের রেখে যাওয়া আদর্শ—যেমন জ্ঞান-বিজ্ঞান, মুক্ত চিন্তা, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির চেতনা—একটি উন্নত ও প্রগতিশীল দেশ গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণই ছিল তাঁদের মূল লক্ষ্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্ষেপ করে বলেন যে, অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। গণতন্ত্র বার বার মৃত্যুকূপে পতিত হয়েছে এবং একদলীয় দুঃশাসনের মাধ্যমে গণতান্ত্রিক বিকাশ প্রতিহত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক রক্ত ঝরলেও মত প্রকাশ ও বাকস্বাধীনতার সংকট আজও কাটেনি।

তিনি মনে করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু পথ ও মতের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়ন হবে।

তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে যেন সবাই একসঙ্গে কাজ করে।

এমন আরও সংবাদ

Back to top button