লিড নিউজ

হাদির জানাজা ঘিরে সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সংসদ ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েনইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার সকালে বিজিবি সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রায়োট কন্ট্রোল গিয়ার প্রস্তুত রাখা হয়েছে। বিজিবির সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বলেও জানানো হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন হাদি। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার রাতে হাদির মরদেহ ঢাকায় আনা হয়। আজ তাকে দাফন করা হবে।

এমন আরও সংবাদ

Back to top button