ফের মা হচ্ছেন বুবলী! পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা

আবারও মা হওয়ার পথে ঢালিউডের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পর ফের মাতৃত্বের পথে হাঁটছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই নায়িকা।
এদিকে বুবলীর অন্তঃসত্ত্বা থাকার কারণে আটকে আছে তার অভিনীত সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’–এর শুটিং। চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে প্রথম লটে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের শিডিউল দিচ্ছেন না তিনি। সন্তান জন্মের পর শারীরিকভাবে ফিট হয়ে বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন বলে প্রযোজক-পরিচালককে জানিয়েছেন বুবলী।
সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার একটি সংবাদমাধ্যমে বলেন,
সিনেমার প্রথম লটে চার দিনের শুটিং হয়েছে। দ্বিতীয় লটে রোজার মধ্যে শুটিং থাকলেও বুবলীকে ছাড়া বাকি কাজ শেষ করতে হবে। সন্তান জন্ম দিতে এই মাসেই তিনি আমেরিকায় যাচ্ছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী জুনে শিডিউল দিলেও আমরা ধারণা করছি, তখন তিনি পুরোপুরি ফিট নাও হতে পারেন। তাই সেপ্টেম্বরের দিকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। এতে নতুন করে জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন তিনি। মা হওয়ার গুঞ্জন উড়িয়ে না দিলেও রহস্য জিইয়ে রেখেছেন অতীতের মতোই।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বুবলীর কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে নীরব রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্ম দেন বুবলী। পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর। সন্তানের বাবা হিসেবে পরে প্রকাশ্যে আসেন শাকিব খান। সে সময়ও দীর্ঘদিন বিষয়টি গোপন রেখে আলোচনার জন্ম দিয়েছিলেন বুবলী। বর্তমানে বুবলীর অভিনীত সিনেমা ‘পিনিক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়।



