ভ্রমণ
আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি
বৈরি আবহাওয়ায় নিষেধাজ্ঞা আরোপের ৮ দিন পর সাজেক ভ্যালিসহ ও বাঘাইছড়ির সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণ উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এর আগে রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণে প্রাণহানী এড়াতে গেল ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি।বুধবার (১৫ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারীকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এ গণবিজ্ঞপ্তিতে।
বৈরি আবহাওয়ার কারণে গেল ৭ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় সাজেকের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সসর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।



