জাতীয়লিড নিউজ

মিরপুর-ফার্মগেটে ‘বোমা সদৃশ’ বস্তু, সতর্ক অবস্থায় সিটিটিসি ও বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশরাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনের নিচে পৃথক দুটি স্থানে ‘বোমা সদৃশ’ সন্দেহজনক বস্তু পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং বোম্ব ডিসপোজাল ইউনিট।

ডিএমপির সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক শনিবার দুপুরে জানান, একসঙ্গে মিরপুর ও তেজগাঁও এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সিটিটিসির বিশেষজ্ঞ দল।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে একটি সন্দেহজনক পোটলার খবর পাওয়ার পরপরই সিটিটিসি ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে এটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, একটি পিলারের পাশে সন্দেহজনক বস্তা পাওয়া যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “ভেতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। তাই বিশেষজ্ঞ টিমকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

দুপুরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তু দুটি পরীক্ষা শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্যে, ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও মেট্রো স্টেশনের আশপাশে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ছিল।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই সন্দেহজনক বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Back to top button