আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬০

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৬০ মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬০–এ দাঁড়িয়েছে। মঙ্গলবার সামরিক জান্তা–সমর্থিত একটি গণমাধ্যম এ হিসাব দিয়েছে।

গত রবিবার অতিপ্রবল ঘূর্ণিঝড়টি মিয়ানমার ও বাংলাদেশ উপকূলে আঘাত হানে।

মিয়ানমারের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা যখন দেশটির উপকূলে প্রবেশ করে, তখন এর গতি ছিল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোখায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অন্তত ৪১ জন মারা গেছেন। এসব মানুষ বু মা ও এর পাশের খাউং দোকে কার নামের দুটি গ্রামের বাসিন্দা ছিলেন। বিধ্বস্ত জনপদে পরিণত গ্রাম দুটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা বাস করেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি জানায়, ঘূর্ণিঝড় মোখার আঘাতে রাখাইনের রাজধানী সিত্তের অদূরে এক গ্রামে একটি বৌদ্ধ মঠ ভেঙে ১৩ জন প্রাণ হারান। এ ছাড়া এর পাশের আরেকটি গ্রামে ভবন ধসে এক নারীর মৃত্যু হয়।

সিত্তের অদূরের ওই গ্রামটির নাম বু মা। সেই গ্রামের গ্রামপ্রধান কারলো বললেন, ‘মৃত্যুর সংখ্যাটা আরও বেশি হতে পারে। কারণ, এখনো শতাধিক মানুষ নিখোঁজ।’

মোখা এই অঞ্চলে গত এক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আঘাতে বহু বাড়িঘর ভেঙেছে বা বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছ। এতে রাখাইনের বেশির ভাগ এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি

Related Articles

Back to top button