দেশজুড়েলিড নিউজ

ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর প্রাণ হারালেন বাবাও

বলা হয়ে থাকে, পিতার কাঁধে পুত্রের লাশ এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস। এই ভার বহনের আগেই তার দায় থেকে মুক্ত হতে পৃথিবী থেকেই চির বিদায় নিলেন এক পিতা। লাশ বহন না করে উল্টো ছেলের ওপাড়ের সঙ্গী হলেন বাবাও।

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। ছেলের মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বাবাও।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন— উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মণ্ডলের ছেলে কাবিল (৭০) ও কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবিদুল। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বাবা কাবিল মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Related Articles

Back to top button