রাজনীতিলিড নিউজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা আজ

অনলাইন ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে মন্ত্রিসভার শীর্ষ সদস্যদেরও থাকার কথা রয়েছে। বৈঠক শেষে দুপুরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। এরপর নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবে দলটির একটি প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে।’

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গতকাল বুধবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয় ত্যাগ করেন। আজ তাঁর কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি।
বিএনপি সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হলে দলের পরবর্তী মহাসচিব এবং তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বে কে যাবেন তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

Related Articles

Back to top button