আন্তর্জাতিকএক্সক্লুসিভ নিউজলিড নিউজ

অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি সুনাক ও ট্রাসের

অনলাইন ডেস্ক : নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন দুই প্রার্থী। তাঁরা হলেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। দুজনই যুক্তরাজ্যে অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ঋষি সুনাক বলেন, ‘অভিবাসনের শর্ত আরও কঠোর করা হবে। কতসংখ্যক অভিবাসী প্রবেশাধিকার পাবে সেটি বেঁধে দেওয়া হবে।’

লিজ ট্রাস বলেন, ‘যুক্তরাজ্যের রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনা প্রসারিত করা হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হবে এবং নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে। সীমান্তে নিরাপত্তাকর্মীর সংখ্যা ৯ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৮০০ করা হবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ১৪ হাজারের বেশি মানুষ ছোট ছোট নৌকায় চড়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

এদিকে অভিবাসন ছাড়াও যুক্তরাজ্যের বড় একটি সমস্যা অতিরিক্ত কর। কর কমাতে তাৎক্ষণিক ৩ হাজার কোটি পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। অন্যদিকে ঋষি সুনাক বলেছেন, কর কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে।

উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। রানি তখন সরকার গঠন করতে বলবেন।

Related Articles

Back to top button