বাগেরহাটের কৃষিতে আধুনিক বিপ্লব আনতে চান এম এ সালাম
নিজস্ব প্রতিবেদক: রাজনীতি, ক্রীড়া ও ব্যবসা—তিন ক্ষেত্রেই সফল ব্যক্তিত্ব এবং বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম তাঁর জন্মভূমির উন্নয়নে এক আধুনিক ‘মাস্টার প্ল্যান’ তুলে ধরেছেন। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বাগেরহাটের মানুষের ভাগ্য বদলাতে কৃষি ও শিল্পায়নই তাঁর প্রধান লক্ষ্য।
সাক্ষাৎকারে এম এ সালাম বলেন, “বাগেরহাট জেলা শহরে কোনো ইপিজেড নেই। আমার লক্ষ্য হলো এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা। তবে কেবল শিল্পায়ন নয়, আমি বিশেষভাবে কাজ করতে চাই আমাদের কৃষি খাতের উন্নয়ন নিয়ে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মাছ চাষ ও কৃষি উৎপাদনকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন।” তিনি আরও যোগ করেন যে, গত ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব।
নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা স্মরণ করেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে ২০ জুলাই ২০২৪-এর বিভীষিকাময় রাতে গ্রেফতার এবং পরবর্তী ১৩ দিনের অমানবিক রিমান্ডের বর্ণনায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সালাম বলেন, “রিমান্ডের সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি, কিন্তু আদর্শচ্যুত হইনি।” রাজনীতির পাশাপাশি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আধুনিকায়ন এবং বাগেরহাটের অর্থনীতিকে চাঙ্গা করতে মোংলা বন্দর ও খান জাহান আলী বিমানবন্দর সচল করার বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ জিয়ার ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাওয়াই তাঁর জীবনের শেষ সার্থকতা বলে তিনি মনে করেন।



