এক্সক্লুসিভ নিউজজাতীয়জীবনযাত্রালিড নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে পেছাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে পেছাল চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট
ঢাকা : শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পেছানো হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির দুটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কমিশনে অনুরোধ করেছে যে, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা যায় কিনা। কমিশন তাঁদের অনুরোধ বিবেচনায় নিয়ে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।

ভোটের অন্যান্য তারিখ পরিবর্তন করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না, ভোটের অন্যান্য তারিখ আগের মতোই থাকবে। শুধু ভোটগ্রহণের তারিখটি পরিবর্তন করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এরই মধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ এবং দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০০ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button