বিনোদন

ফোন করে ভালো কাজের প্রশংসা করতেন এটিএম ভাই: ববিতা

চিরবিদায় নিলেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। শনিবার সকালে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে শিল্পীদের মাঝে। ভেঙে পড়েছেন দীর্ঘদিন তার সঙ্গে কাজ অভিনয়শিল্পীরা।

এটিএম শামসুজ্জামানের সঙ্গে অনেক দিন অভিনয় করেছেন ববিতা। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার বয়স তখন ১০ বা ১২ বছর। সুচন্দা আপা সবেমাত্র সিনেমায় কাজ শুরু করেছেন। আমরা সেসময় থাকতাম গেন্ডারিয়ায়। তখন থেকে এ টি এম শামসুজ্জামান ভাইকে দেখি আমাদের বাসায় আসতে, সিনেমার শুটিংয়ে। সেই থেকে সম্পর্ক। তার সঙ্গে কত শত স্মৃতি। সেসব বলে শেষ করা যাবে না। তিনি যখন নারায়ণ ঘোষ মিতার ছবিতে কাজ করেন, তখন সম্ভবত স্ক্রিপ্টও লিখতেন। আমি ভালো কাজ করলে ফোন করে প্রশংসা করতেন। কীভাবে অভিনয় করলে আরও ভালো হবে সে উপদেশও দিতেন। এতো গুণী শিল্পী তিনি। অভিনয় ছিল তার রক্তেই। তাই যেকোনো চরিত্রে সহজেই মানিয়ে নিতে পারতেন।’

ববিতা বলেন, ‘নয়ন মনি, গোলাপী এখন ট্রেনে, ম্যাডাম ফুলি, লাঠিয়ালসহ অনেক ছবিতে তার সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন, তখন আমরা তিন বোন হাসপাতালে প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছি। সবই আজ স্মৃতি।’

‘গোলাপী এখন ট্রেনে ছবিটাতে কাজ করার সময় কীভাবে বিড়ি টান দিতে হবে শিখিয়েছিলেন এ টি এম ভাই। তার একটা বড় গুণ ছিল, কোনো দৃশ্যে অভিনয় করার কথা না থাকলেও তিনি শুটিং স্পটে থাকতেন। পুরো শুটিংয়ে তিনি উপস্থিত থাকতেন, যাতে পুরো গল্পের সঙ্গে তিনি থাকতে পারেন। এতটা ডেডিকেশন খুব কম শিল্পীরই থাকে’, বলেন ববিতা।

ববিতা আরও বলেন, ‘প্রার্থনা করি, যেনো আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’

Related Articles

Back to top button